বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)-এর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মাহদী আমিন বলেন, 'আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন, কারণ গত ১৬ বছর ধরে এই দিনের জন্য আমরা সংগ্রাম করেছি। দীর্ঘ এই লড়াই ও গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল এমন একটি রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা, যেখানে জনগণই হবে রাজনৈতিক ক্ষমতার একমাত্র উৎস।'
তিনি বলেন, 'আমরা অতীতে দেখেছি ২০১৪ সালের বিনা ভোটের নির্বাচন, ২০১৮ সালের নিশিরাতের নির্বাচন এবং ২০২৪ সালের ডামি ভোটের নির্বাচন। এসব নির্বাচন প্রকৃতপক্ষে ক্ষমতা কুক্ষিগত রাখার জন্য জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ারই নামান্তর।'
বিএনপির এই নেতা আরও বলেন, 'আমরা একটি সমতাভিত্তিক ‘লেভেল প্লেয়িং ফিল্ডে’ বিশ্বাস করি। যদি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা যায়, তাহলে ইনশাআল্লাহ বিএনপির বিজয় নিশ্চিত হবে, ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।'
এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, 'আপনারা সবাই নিরপেক্ষভাবে সত্য তুলে ধরবেন—এটাই আমাদের প্রত্যাশা। গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।'