কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবিরের ২০২৬ সেশনের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইউসুফ আলী এবং সেক্রেটারি মনোনীত হয়েছেন আল-ফিকাহ্ অ্যান্ড ল’ বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাশেদুল ইসলাম রাফি। সাংগঠনিক সম্পাদক হয়েছেন আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাকারিয়া হোসাইন।
শনিবার (১০ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে শাখা ছাত্রশিবিরের প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়-সংলগ্ন একটি মিলনায়তনে সদস্য সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়।
সম্মেলনে কেন্দ্রীয় ছাত্রঅধিকার সম্পাদক আমিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় গবেষণা সম্পাদক মো. ফাজায়েল, দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শহীদ মোহাম্মদ রেজোয়ান, আইআইইআরের পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, সহকারী প্রক্টর অধ্যাপক ড. আব্দুল বারী এবং ফাইন আর্ট বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান।
নবনির্বাচিত সভাপতি ইউসুফ আলী বলেন, তিনি এ দায়িত্বকে আমানত হিসেবে গ্রহণ করেছেন এবং সর্বোচ্চ সততা, দায়িত্ববোধ ও জবাবদিহির মানসিকতা নিয়ে দায়িত্ব পালন করবেন। তিনি আরও বলেন, ইনসাফভিত্তিক, নৈতিকতা-সমৃদ্ধ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার, শিক্ষার সুষ্ঠু পরিবেশ, সহাবস্থান ও শালীন সংস্কৃতি প্রতিষ্ঠায় সংগঠনটি দায়িত্বশীল ভূমিকা রাখবে। মত ও পথের ভিন্নতা থাকা সত্ত্বেও সব ছাত্রসংগঠন, শিক্ষক ও প্রশাসনের সঙ্গে গঠনমূলক সংলাপ ও সহযোগিতার মাধ্যমে ক্যাম্পাসের সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।