গণভোটের প্রচারণা জোরদার করতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ২৩৮টি সংসদীয় আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে। শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব প্রার্থীর নাম ঘোষণা করেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি বলেন, দেশে ২৭০টি আসনের মধ্যে অনেক জায়গায় এখনো গণভোট নিয়ে পর্যাপ্ত প্রচারণা নেই। সরকারসহ বিভিন্ন পক্ষের উদ্যোগ থাকলেও প্রান্তিক এলাকা ও গ্রাম পর্যায়ে গণভোটের বার্তা যথাযথভাবে পৌঁছাচ্ছে না। এ সুযোগে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে, যার মধ্যে গণভোটে ‘বিসমিল্লাহ’ থাকবে না—এমন অপপ্রচারও রয়েছে।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, এসব গুজব মোকাবিলা ও গণভোট সম্পর্কে জনসচেতনতা বাড়াতে শুরুতে ২৭০টি আসনেই প্রার্থী ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তারই অংশ হিসেবে এবার প্রথম ধাপে ২৩৮টি আসনে গণভোটের প্রার্থী ঘোষণা করা হলো। প্রার্থীরা নিজ নিজ এলাকায় মনোবল নিয়ে প্রচার কার্যক্রম শুরু করবেন বলে তিনি জানান।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, শনিবার বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে দলের নির্বাচনী থিম সং ও গণভোটের থিম সং প্রকাশ করা হবে। এ আয়োজনে কৃষক, শ্রমিক, ছাত্রসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ থাকবে। অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেশের জনগণের প্রতি আহ্বান জানান তিনি।