গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বৈরাগীরচালা (শেখ বাড়ি) এলাকায় মুন্নী বেগমের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রবিবার (৩০ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শ্রীপুর পৌরসভার বৈরাগীরচালা গ্রামে মৃত কফিল উদ্দিনের পুত্রবধূ মুন্নী বেগমের বসতবাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজনের ভাষ্যমতে, রাত ৮টা ২০ মিনিটের সময় হঠাৎ মুন্নী বেগমের বসতবাড়িতে আগুন দেখা যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে রাত ৯টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পাঁচ থেকে সাত মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শী মুন্না (মুন্নী বেগমের বোনের ছেলে) বলেন, “আমার মনে হয় আমার খালাতো ভাই হাসান শেখ আগুন লাগিয়েছে। কারণ তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে মাদকাসক্ত; তার মতো মাদকাসক্ত ছেলে বাংলাদেশে আর একটাও নেই। যে মায়ের কাপড়ে আগুন দিতে পারে, তার পক্ষে এটা কোনো ব্যাপার না।”
ভুক্তভোগী মুন্নী বেগম বলেন, “আমি বাড়িতে ছিলাম না। কে বা কারা আমার বসতঘরে আগুন লাগিয়ে দিয়েছে, আমি জানি না। আমার ঘরে প্রায় চার–পাঁচ লাখ টাকার মালামাল ছিল।”
ঘটনার বিষয়ে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছান শ্রীপুর মডেল থানা পুলিশের এসআই মতিউর রহমান। ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্ষয়ক্ষতির পরিমাণ চার–পাঁচ লাখ টাকা হবে।”
তিনি আরও বলেন, “স্থানীয় লোকজন বলছে, মুন্নী বেগমের ছেলে হাসান শেখ আগুন লাগিয়েছে। তবে তদন্ত ছাড়া আমরা কিছু বলতে পারছি না।”
মাওনা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা নরুল করিম বলেন, “আমরা রাত ৮টা ৪০ মিনিটে খবর পাই যে এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে রাত ৯টার মধ্যে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঁচ থেকে সাত মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চার–পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।”