আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৩ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন ঘোড়া প্রতীকে ব্যাপক নির্বাচনী গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নির্বাচনী আচরণবিধি মেনে তিনি গাজীপুর-৩ নির্বাচনী এলাকার শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ভোট প্রার্থনা করেন।
লোহাগাছিয়া এলাকার ভোটাররা জানান, তারা সৎ, সাহসী ও যোগ্য ব্যক্তিকেই সংসদে পাঠাতে চান, যিনি এলাকার সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারবেন। ফাওগান বাজারের এক ব্যবসায়ী বলেন, “আগেও আমরা অনেক প্রার্থীকে রাস্তা, বাজার ও এলাকার উন্নয়নের কথা জানিয়েছি, কিন্তু কেউ প্রতিশ্রুতি রক্ষা করেনি। এবার আমরা এমন একজনকে চাই, যিনি গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়াবেন।”
গণসংযোগকালে ইজাদুর রহমান মিলন বলেন, “ভোটাররা আমাকে বলছেন—আপনাকে দেখে ভোট দেবো। যদি আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন ভোটকেন্দ্রের পরিবেশ সুষ্ঠু থাকে এবং কেউ ভোট দিতে বাধা না দেয়, তাহলে ঘোড়া প্রতীকের বিপুল বিজয় নিশ্চিত হবে।”
তিনি অভিযোগ করে বলেন, তার নেতাকর্মীদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে এবং প্রচারণা বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। তবে এসব প্রতিকূলতার মধ্যেও জনগণের সমর্থন থাকলে বিজয় অর্জন সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।