জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ (কাউনিয়া–পীরগাছা) আসনে ১১ দলীয় জোটের পক্ষে শাপলা কলি প্রতীকের প্রার্থী আখতার হোসেনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় শনিবার (৭ ফেব্রুয়ারি) রংপুরের পীরগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জিডিতে আখতার হোসেন উল্লেখ করেন, তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে সংসদীয় আসন নম্বর–২২, রংপুর-৪ (পীরগাছা–কাউনিয়া) থেকে ১১ দল সমর্থিত ও এনসিপির মনোনীত প্রার্থী। শনিবার বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে পীরগাছা থানাধীন ছাওলা ইউনিয়নের কিশামত গ্রামে নির্বাচনী প্রচার-প্রচারণার সময় একটি অপরিচিত মোবাইল নম্বর থেকে তাঁর ব্যবহৃত ফোন নম্বরে কল করে প্রাণনাশের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। হুমকি দেওয়ার পরপরই কলটি কেটে দেওয়া হয়।
জিডিতে আরও বলা হয়, ওই অপরিচিত নম্বরের ব্যক্তির মাধ্যমে যেকোনো সময় তাঁর বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এ কারণে বিষয়টি ভবিষ্যতের নিরাপত্তার স্বার্থে সাধারণ ডায়েরিভুক্ত করা প্রয়োজন। এ মর্মে তিনি পীরগাছা থানার অফিসার ইনচার্জ বরাবর আবেদন করেন।
এদিকে, একই দিন এক ভিডিওবার্তায় আখতার হোসেন হুমকির বিষয়টি নিশ্চিত করে বলেন, ভয়ভীতি দেখিয়ে তাঁর জয়যাত্রা থামিয়ে দেওয়া যাবে না। তিনি দৃঢ়তার সঙ্গে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।