শুক্রবার (৬ মার্চ) বিকেলে রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, বইটির লেখক ও এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. মাহাবুব আলম, প্রকাশনা প্রতিষ্ঠান আদর্শের স্বত্বাধিকারী মাহবুব রহমান, দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও মুজাহিদুল ইসলাম শাহিন, এনসিপি ডায়াস্পোরা এলায়েন্সের আহ্বায়ক সাইফ ইবনে সারওয়ারসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।
বইটির লেখক মাহাবুব আলম জানান, ‘এনসিপির যাত্রা’ গ্রন্থে দলটির রাজনৈতিক কর্মসূচি, সাংগঠনিক কার্যক্রম এবং বিভিন্ন রাজনৈতিক বক্তব্য সংকলিত হয়েছে। এর মাধ্যমে এনসিপির সূচনালগ্নের কার্যক্রম ও রাজনৈতিক অবস্থানের একটি সামগ্রিক চিত্র পাঠকের সামনে তুলে ধরা হয়েছে।
তিনি বলেন, বইটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ সময়ের শাসনব্যবস্থার একটি সমালোচনামূলক বিশ্লেষণও অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামো, নাগরিক অধিকার এবং রাজনৈতিক সংস্কৃতির জটিল বাস্তবতা বোঝার ক্ষেত্রে পাঠকরা একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি পাবেন।
তিনি জানান, এই বই তিন শ্রেণির পাঠকের জন্য উপযোগী হতে পারে।
১. সাধারণ পাঠক, যারা এনসিপির রাজনৈতিক কর্মকাণ্ড ও অবস্থান সম্পর্কে জানতে আগ্রহী।
২. এনসিপির নেতাকর্মী, যারা নিজেদের অতীত কর্মকাণ্ডের একটি সুনির্দিষ্ট ধারণা লাভ করবেন, যা তাদের আগামী দিনের কর্মপরিকল্পনা নির্ধারণে সহায়ক হতে পারে।
৩. গবেষক ও শিক্ষাবিদ, যারা বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক ইতিহাস নিয়ে গবেষণা করতে চান, বিশেষত নতুন উদীয়মান রাজনৈতিক শক্তি হিসেবে এনসিপিকে নিয়ে অ্যাকাডেমিক অনুসন্ধান চালাতে আগ্রহী গবেষকদের জন্যও এই বই একটি প্রাথমিক সূত্র হিসেবে কাজ করবে।