যারা বারবার বলছে অমুককে দেখেছি, তমুককে দেখেছি, এবার একে দেখেন বাংলাদেশের মানুষ তাদের অনেক আগেই দেখে নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধেই জাতি তাদের প্রকৃত ভূমিকা প্রত্যক্ষ করেছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেট নগরের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির প্রথম নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।
মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তুলে বিএনপির চেয়ারম্যান বলেন, '১৯৭১ সালে যে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে, সেই সময়ে কারা কী ভূমিকা রেখেছে, তা জাতির অজানা নয়। যাদের কর্মকাণ্ডের কারণে লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছেন, অসংখ্য মা-বোন নির্যাতনের শিকার হয়েছেন, তাদের পরিচয় বাংলাদেশের মানুষ আগেই জেনে গেছে।'
জনসভায় তারেক রহমান ধর্মীয় প্রসঙ্গ টেনে বলেন, 'কাবা শরিফ, এই পৃথিবী, সূর্য-নক্ষত্র, বেহেশত ও দোজখ—সবকিছুর একমাত্র মালিক আল্লাহ।'
এ সময় উপস্থিত জনতা সমস্বরে ‘আল্লাহ’ বলে জবাব দিলে তিনি বলেন, 'যেটার মালিক আল্লাহ, সেটা দেওয়ার ক্ষমতা কোনো মানুষের নেই। অথচ নির্বাচনের আগেই একটি দল নানা কিছু দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। মানুষের মালিকানার বাইরে থাকা বিষয় নিয়ে কথা বলা মানে মানুষকে আগেই প্রতারণা করা।'
তিনি আরও বলেন, 'আল্লাহর একচ্ছত্র অধিকারের বিষয়ে যারা নিজেদের ক্ষমতা দেখাতে চায়, তারা মূলত শিরকের পথে হাঁটছে। নির্বাচনের আগেই যখন মানুষকে ঠকানো হচ্ছে, তখন নির্বাচনের পর কী হবে, তা জনগণ বুঝে নেওয়ার সময় এসেছে।'
তিনি বলেন, 'কাজেই নতুন করে কাউকে ‘দেখার’ কিছু নেই। ইতিহাসই প্রমাণ করে দিয়েছে, কে দেশের পক্ষে ছিল আর কে ছিল বিপক্ষে।'