বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক হিসেবে অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহর আজীবন নিয়োগ বাতিল করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে এ পদে দায়িত্ব পালনকালে তিনি যে বেতন-ভাতা গ্রহণ করেছেন, তা বিশ্ববিদ্যালয়ের কোষাগারে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ২০ জুন অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৯২তম বাজেট অধিবেশনে আলোচ্যসূচির বাইরে একজন সদস্যের প্রস্তাবের ভিত্তিতে ‘ইমেরিটাস অধ্যাপক নিয়োগ অধ্যাদেশ’ সংশোধন করা হয়। পরে একই সভায় অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহকে আজীবন মেয়াদে ইমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, ওই নিয়োগ বিধিবহির্ভূত হওয়ায় তা বৈধ নয়।
এরই পরিপ্রেক্ষিতে সিন্ডিকেটের ৯২তম সভার সিদ্ধান্ত অনুযায়ী তার ইমেরিটাস অধ্যাপক পদ বাতিল করা হয় এবং সেই সময় থেকে প্রাপ্ত সব আর্থিক সুবিধা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ এক গণমাধ্যমকে বলেন, তিনি ইতোমধ্যে চিঠি পেয়েছেন। তার দাবি, বিশ্ববিদ্যালয় প্রশাসন তার সঙ্গে অন্যায় করেছে।
তিনি বলেন, “পৃথিবীর কোথাও এমন সম্মানজনক পদ এভাবে বাতিল করার নজির নেই। প্রায় ৫০ বছর ধরে চিকিৎসা পেশায় যুক্ত আছি। আমার বহু ছাত্র আজ দেশের স্বনামধন্য চিকিৎসক। জীবনের শেষ প্রান্তে এসে এমন সিদ্ধান্ত দুঃখজনক। কারা এবং কেন এটি করেছে, তা তারাই ভালো জানেন।