পঞ্চগড়-১ আসনে ৩০টির বেশি স্থানে এনসিপির নেতাকর্মী, তাঁদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব অভিযোগ তোলেন।
স্ট্যাটাসে সারজিস আলম লেখেন, এখন পর্যন্ত পঞ্চগড়-১ আসনে প্রায় ৩০টির বেশি জায়গায় বিএনপির নেতাকর্মীরা এনসিপির নেতাকর্মীদের ওপর, তাঁদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়েছে এবং হুমকি দিয়েছে। এতে অনেকে পালিয়ে থাকতে বাধ্য হয়েছেন। তিনি প্রশ্ন তোলেন, বিএনপি কি এখনো পুরোনো কায়দায় প্রতিহিংসার রাজনীতি করতে চায়—এ বিষয়টি দলটির স্পষ্ট করা উচিত।

তিনি আরও বলেন, এনসিপি নতুন রাজনীতি করতে এসেছে এবং পুরোনো নোংরা রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের লক্ষ্যেই তাদের রাজনীতি। ক্ষমতা চিরস্থায়ী নয় উল্লেখ করে তিনি বলেন, যারা অতিউৎসাহী হয়ে এসব কাজ করছেন, তাঁদের সংশোধিত হওয়ার আহ্বান জানানো হচ্ছে। অতীত থেকে শিক্ষা নেওয়ার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, এক মাঘে শীত যায় না।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের কাছে পরাজিত হয়েছেন সারজিস আলম। ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীক নিয়ে নওশাদ জমির পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ১৬৯ ভোট। শাপলা কলি প্রতীক নিয়ে সারজিস আলম পেয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৪৯ ভোট।