দল থেকে সকাল-বিকাল ফোন করে মন্ত্রিত্ব দেওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।
সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন রুমিন ফারহানা। পরে দলের সিদ্ধান্ত অমান্য করে জোট শরিক প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে দাঁড়ানোয় তাঁকে বহিষ্কার করে বিএনপি। এরপর তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে হাঁস প্রতীক চাওয়ার ঘোষণা দেন।
এদিকে শনিবার বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আখিঁতারা গ্রামে রুমিন ফারহানার মতবিনিময় সভাকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে তেরকান্দা গ্রামে স্থানীয়দের সঙ্গে বৈঠক চলাকালে ছবি তোলাকে কেন্দ্র করে দুজনের মধ্যে প্রথমে হাতাহাতি হয়। পরে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে অবস্থান নিলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, মতবিনিময় সভায় হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে ধাওয়া-পাল্টাধাওয়া বা বড় ধরনের সংঘর্ষের কোনো খবর পাওয়া যায়নি। এ ঘটনায় সন্ধ্যা পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি।