সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেশনে লাইনচ্যুত সিল্কসিটি এক্সপ্রেসের বগি। সিরাজগঞ্জে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টা ৫৫ মিনিটে যমুনা সেতুর পশ্চিম পাড়ের শহীদ এম মনসুর আলী স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
স্টেশন সূত্র জানায়, রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস স্টেশনে প্রবেশের পর হঠাৎ একটি বগি লাইনচ্যুত হয়। এর ফলে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
শহীদ এম মনসুর আলী স্টেশনের বুকিং সহকারী হাফিজুর রহমান জানান, ট্রেনটি স্টেশনে পৌঁছানোর পরই একটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পরপরই সংশ্লিষ্ট রেল কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
রেল যোগাযোগ বন্ধ থাকায় ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস যমুনা সেতুর পশ্চিমপাড়ের সয়দাবাদ স্টেশনে আটকা পড়ে।
সিরাজগঞ্জ রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পিডব্লিউওআই) আহসানুর রহমান বলেন, ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন আনার ব্যবস্থা করা হয়েছে। সেটি ঘটনাস্থলে পৌঁছানোর পর লাইনচ্যুত বগি সরিয়ে রেলপথ সচল করার কাজ শুরু হবে।