দ্বৈত নাগরিকত্বের কারণে নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক বাতিল হওয়া প্রার্থিতা ফিরে পেতে কুমিল্লা–১০ আসনের বিএনপির প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়ার করা রিট আবেদন সরাসরি খারিজ করেছেন হাইকোর্ট।
আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিচারপতি রাজিক–আল–জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর ফলে গফুর ভূঁইয়া আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
এর আগে একই আসনের আরেক প্রার্থী কাজি নুরে আলম সিদ্দিকি গফুর ভূঁইয়ার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে নির্বাচন কমিশনে আপিল করেন। গত ১৮ জানুয়ারি শুনানি শেষে ইসি গফুর ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল করে। ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে রিট আবেদন করেন।
আদালতে গফুর ভূঁইয়ার পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও নাসির উদ্দিন আহমেদ অসীম। অপরদিকে কাজি নুরে আলম সিদ্দিকির পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন, জ্যোতির্ময় বড়ুয়া ও এ এস এম শাহরিয়ার কবির। নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন মো. ফয়জুল্লাহ।