দাউ দাউ করে জ্বলছে কড়াইল বস্তি, পানি সংকটে বেগ পেতে হচ্ছে আগুন নেভাতে

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
ঢাকার মহাখালী এলাকার কড়াইল বস্তিতে লাগা ভয়াবহ আগুন চার ঘণ্টা পার হলেও নিয়ন্ত্রণে আসেনি। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস প্রথমে সাতটি ইউনিট পাঠায়। পরে ধাপে ধাপে রাত ৯টা পর্যন্ত মোট ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এতে এখন পর্যন্ত এক থেকে দেড় শতাধিক ঝুপড়ি ঘর পুড়ে গেছে।

ক্ষুব্ধ বস্তিবাসীদের দাবি, কেউ নাশকতার মাধ্যমে এই অগ্নিকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। আগুন লাগার সময় ঘর থেকে তড়িঘড়ি করে মালপত্র বের করতে গিয়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এক নারী ও এক শিশুর নিখোঁজের কথাও শোনা গেলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা নিশ্চিত করতে পারেনি।

ফায়ার সার্ভিসের জনসংযোগ বিভাগের কর্মকর্তা তালহা বিন জসিম সন্ধ্যা সাড়ে ৭টারদিকে আজকের পত্রিকাকে বলেন, বিকেল ৫টা ২২ মিনিটে কড়াইল বস্তিতে আগুন লাগার খবর পান। এরপর পর্যায়ক্রমে ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তিনি জানাতে পারেননি।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, বস্তিতে থাকা বৈদ্যুতিক সরঞ্জাম, শীতের লেপ-তোশক, কাঠ ও গ্যাস সিলিন্ডারের কারণে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।

অগ্নিনির্বাপণে অংশ নেওয়া কর্মী ও বস্তিবাসীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বস্তির সরু গলি ও যানজটের কারণে আগুন নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হচ্ছে। আগুন লাগার পরপরই অনেক জায়গায় দেয়াল ভেঙে পথ তৈরি করা হয়।

সরেজমিনে দেখা গেছে, বউবাজার রোড থেকে বেলতলা রোড পর্যন্ত পুরো সড়কে পিকআপভ্যানের দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে ওই সড়ক দিয়ে কোনো পানিবাহী ফায়ার সার্ভিসের গাড়ি অগ্নিকাণ্ডস্থলে পৌঁছাতে পারেনি। বাধ্য হয়ে ফায়ার ফাইটাররা দূর থেকে পাইপ টেনে পানি দিচ্ছেন।

সেলিম নামের এক সবজি বিক্রেতা বলেন, “আগুন লাগার প্রায় ৩০ মিনিট পর ফায়ার সার্ভিসের গাড়ি আসে। কিন্তু যানজটের কারণে সব গাড়ি আটকে আছে। দূর থেকে পানি দিচ্ছেন ফায়ার সার্ভিসের লোকজন।”

জহুরা নামের এক পোশাকশ্রমিক বলেন, “কেউ যেন আগুন লাগাইছে। এত দ্রুত আগুন ছড়াইছে—দৌড়াইয়া বাঁচাও কঠিন ছিল। কোনো রকম জীবন নিয়ে বের হইছি।”

নিজের চোখের সামনে সবকিছু পুড়ে যেতে দেখে কান্নায় ভেঙে পড়েন বস্তিবাসী লাভলী বেগম। তিনি বলেন, “ও ভাই, আমার সব পুইড়া শেষ। সাত বছর ধরে বস্তিতে আছি। তিল তিল করে কিনা জিনিস সব শেষ। টিভি, ফ্রিজসহ আসবাবপত্র ছিল—সব পুড়ে গেছে। মাসে মাসে কিস্তি দিতাম। এই আগুন আমার সব শেষ করে দিল।”

বোনের ফোনে খবর পেয়ে ছুটে আসেন গার্মেন্টসকর্মী নাসিমা বেগম। তিনি বলেন, “শুনছি আমার ঘরও পুড়ে গেছে। সব জিনিস শেষ। এখন কী করব বুঝতেছি না।” তাঁর ধারণা, অন্তত ২০০ ঘর পুড়েছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ১৬টি ইউনিট রওনা হয়। বিভিন্ন সময় তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। তবে তাৎক্ষণিকভাবে আগুনের কারণ বা হতাহতের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাত বছরের ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, জামিন পেলেন না মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সদ্য. জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা সদ্য. গ্যাস সংকটে ফের বন্ধ হলো যমুনা সার কারখানা সদ্য. ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি সদ্য. সকালে দলকে করালেন অনুশীলন, রাতেই দায়িত্ব হারালেন আশরাফুল সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. সাত বছরের ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, জামিন পেলেন না মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সদ্য. জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা সদ্য. গ্যাস সংকটে ফের বন্ধ হলো যমুনা সার কারখানা সদ্য. ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি সদ্য. সকালে দলকে করালেন অনুশীলন, রাতেই দায়িত্ব হারালেন আশরাফুল সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি