ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। হাদির দ্রুত সুস্থতা কামনা এবং হামলায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সোচ্চার হয়েছেন শোবিজ অঙ্গনের তারকারাও। তবে হাদির পক্ষে অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার পর নির্মাতা অনন্য মামুন, মাবরুর রশীদ বান্নাহ ও অভিনেত্রী রুকাইয়া জাহান চমক হুমকির মুখে পড়েছেন বলে অভিযোগ উঠেছে।
ডাল্টন সৌভাত হীরা নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে তাঁদের হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। ওই অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়েছে, চমক ও বান্নাহর ফোন নম্বর ইতিমধ্যে ফাঁস করা হয়েছে এবং তাঁদের অবস্থান নজরদারিতে রাখা হচ্ছে। পাশাপাশি শোবিজসংশ্লিষ্টদের তাঁদের কোনো কাজে না নেওয়ার আহ্বানও জানানো হয়েছে।
গতকাল সোমবার ফেসবুক লাইভে এসে হুমকি পাওয়ার বিষয়টি জানান অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। তবে তিনি স্পষ্ট করে বলেন, কোনো ধরনের হুমকিতে তিনি ভীত নন।
চমক বলেন, রোববার রাতে তাঁর ফোনে ২০০ থেকে ৩০০টি কল আসে, যার ফলে শেষ পর্যন্ত ফোন নম্বর বন্ধ করতে বাধ্য হন তিনি। এত কল ও হত্যার হুমকির মধ্যেও তিনি মনে করছেন, দেশের জন্য কিছু বলার কারণেই তাঁর পেছনে এভাবে লেগেছে একটি গোষ্ঠী। তাঁর ভাষায়, দেশের মানুষের কোনো কাজে আসতে পারাই তাঁর কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। তিনি বলেন, যদি সত্যিই তাঁকে হত্যা করা হয়, তবে সেটিকেও তিনি দেশের জন্য আত্মত্যাগ হিসেবে দেখবেন।
তিনি আরও বলেন, দীর্ঘ জীবন কাটিয়ে বার্ধক্যে মারা যাওয়ার চেয়ে দেশের জন্য মৃত্যুই তাঁর কাছে বেশি মর্যাদার। অনেকেই তাঁকে সতর্ক করে ফোন করছেন জানিয়ে তিনি বলেন, এসব নিয়ে মন খারাপ করার কিছু নেই। হুমকি দিয়ে তাঁকে ঘরে আটকে রাখার মানুষ তিনি নন বলেও মন্তব্য করেন এই অভিনেত্রী।
এদিকে হুমকি পাওয়ার কথা জানিয়ে নির্মাতা অনন্য মামুন ফেসবুকে লেখেন, হাদিকে নিয়ে স্ট্যাটাস দেওয়ার পর থেকেই তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। তিনি বলেন, হাদি তাঁর কাছে ভালোবাসার নাম এবং মৃত্যুভয় তিনি কখনোই পান না। তাঁর বিশ্বাস, মানুষের জন্মের দিনই আল্লাহ তার মৃত্যুর সময় নির্ধারণ করে দেন।
চমক ও অনন্য মামুন প্রকাশ্যে হুমকির কথা জানালেও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ।