ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে দুই পক্ষের বিরোধ মীমাংসা করতে গিয়ে হামলার শিকার হয়েছেন চার পুলিশ সদস্য। রোববার দিবাগত রাতে উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের মাছিমনগর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন বাঞ্ছারামপুর থানার কনস্টেবল মো. ফরহাদ, এমদাদুল হক, সাইফুল আলম ও হোসনে মোবারক। প্রাথমিক চিকিৎসা নিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাছিমনগর গ্রামে হযরত শাহ রাহাত আলী (রা.)-এর বার্ষিক ওরশ উপলক্ষে স্থানীয় মনির নামে এক ব্যক্তি রাজন মিয়ার কাছ থেকে দোকানে ব্যবহারের জন্য জেনারেটরের বিদ্যুৎ সংযোগ ভাড়া নেন। রোববার রাতে ভাড়ার টাকা পরিশোধকে কেন্দ্র করে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
পুলিশের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করার সময় মনির ও তাঁর সহযোগীরা পুলিশ সদস্যদের ওপর হামলা চালান। এতে চার কনস্টেবল আহত হন।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযুক্ত মনিরসহ জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।