বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেয় চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। অতিরিক্ত সময় শেষে ১-১ গোলে সমতা থাকলেও টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে পরাজিত হয় দলটি।
এই পরাজয়ের পর বৃহস্পতিবার ফ্রাঙ্কফুর্টে ডিএফবির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে প্রায় তিন ঘণ্টার বৈঠক করেন ৩৮ বছর বয়সী নাগেলসমান। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ওই বৈঠকের পরই তিনি পদত্যাগের সিদ্ধান্তে সম্মত হন।
প্রতিবেদন অনুযায়ী, নাগেলসমানের সঙ্গে ডিএফবির চুক্তির মেয়াদ ছিল ২০২৮ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ পর্যন্ত। তবে নির্ধারিত সময়ের আগেই দায়িত্ব ছাড়ায় তিনি প্রায় ৭০ লাখ ইউরো ক্ষতিপূরণ পেতে পারেন।
নাগেলসমানের বিদায়ের পর জার্মানির নতুন কোচ হিসেবে সাবেক লিভারপুল ম্যানেজার ইয়ুর্গেন ক্লপের নাম আলোচনায় রয়েছে। বর্তমানে তিনি রেড বুল গ্রুপের বৈশ্বিক ফুটবল কার্যক্রমের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, জার্মান জাতীয় দলের দায়িত্ব নেওয়ার সুযোগ এলে তাঁর বর্তমান চুক্তি থেকে বেরিয়ে আসার বিশেষ শর্ত রয়েছে।
২০২৩ সালে জার্মানির প্রধান কোচের দায়িত্ব নেন নাগেলসমান। তাঁর অধীনে শুরুতে দল আশাব্যঞ্জক পারফরম্যান্স দেখালেও বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে পারেনি। ২০১৮ ও ২০২২ সালের পর টানা তৃতীয় বিশ্বকাপেও হতাশাজনক ফল করল জার্মানি। এবার তাদের বিদায় নিতে হয়েছে শেষ বত্রিশ থেকেই।