অনুষ্ঠানে দলের চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত ছিলেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানটি পরিচালনা করেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
এবারের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। সেই হিসেবে এটিই তার নেতৃত্বে দলের প্রথম নির্বাচনি ইশতেহার। এর আগে পঞ্চম থেকে নবম জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত বিএনপির নেতৃত্বে ছিলেন তৎকালীন চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ওই সময় তিনিই দলের সব নির্বাচনি ইশতেহার ঘোষণা করেন।
‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে এবং ‘করবো কাজ, গড়বো দেশ’—রাষ্ট্র পরিচালনার মূলনীতি ধারণ করে পাঁচ অধ্যায়ে সাজানো হয়েছে বিএনপির এবারের নির্বাচনি ইশতেহার। ইশতেহারের প্রথম অধ্যায়ে রয়েছে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, দ্বিতীয় অধ্যায়ে বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জনের পরিকল্পনা।
দলীয় সূত্র জানায়, বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা, সাবেক প্রধানমন্ত্রী ও দলের প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার ভিশন-২০৩০, তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা এবং জুলাই জাতীয় সনদের সমন্বয়ে এবারের নির্বাচনি ইশতেহার প্রণয়ন করা হয়েছে।