বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে নেত্রকোনা-২ (সদর–বারহাট্টা) আসনে প্রার্থিতা প্রত্যাহার করেছেন ১১ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ খেলাফত আন্দোলনের (বটগাছ) মনোনীত প্রার্থী মোহাম্মদ গাজী আব্দুর রহীম রুহী। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে শহরের মোক্তারপাড়া জেলা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে তিনি নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে মোহাম্মদ গাজী আব্দুর রহীম রুহী বলেন, স্বাধীনতার পর থেকে জামায়াতে ইসলামী ইসলামী দলগুলোর সঙ্গে মোনাফেকি করে আসছে। তাদের জোট থেকে হাতপাখা প্রতীকও বের হয়ে এসেছে এবং অন্যরাও একে একে সরে যাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের সঙ্গে আসন সমঝোতার আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন করা হয়নি। কেন্দ্রীয় দায়িত্বে থাকার কারণে তিনি একাধিকবার তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন, এমনকি বাসায় গিয়েও সাক্ষাৎ পাননি। তার অভিযোগ, বিভিন্ন সমাবেশে তাদের দলকে কেবল ব্যবহার করা হয়েছে।
রুহী আরও বলেন, সর্বশেষ ৩০০ আসনে প্রার্থী দেওয়ার সময়ও কয়েকটি দলের সঙ্গে আসন সমঝোতা হয়নি বলে উল্লেখ করা হয়েছিল, যার অংশ হিসেবেই বাংলাদেশ খেলাফত আন্দোলনের সঙ্গে ১১ দলীয় জোটের কোনো সমঝোতা হয়নি।
১১ দলীয় জোটে অবমূল্যায়নের কারণেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অবমূল্যায়নের কারণেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, একটি দল রিকশা প্রতীক এবং আরেকটি জামায়াত ছাড়া বাকি দলগুলো জামায়াতের ‘বি’ টিম হিসেবে কাজ করছে, কারণ তারা সম্ভাব্য নিবন্ধন বাতিল বা অন্যান্য সমস্যার আশঙ্কায় বিকল্প হিসেবে এসব দলকে প্রস্তুত রাখে।
এটি কেন্দ্রীয় সিদ্ধান্ত কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ গাজী আব্দুর রহীম রুহী জানান, এ বিষয়ে কেন্দ্রীয়ভাবে কোনো সিদ্ধান্ত হয়নি; এটি জেলা খেলাফত আন্দোলন কমিটির সিদ্ধান্ত।