রোববার (২৫ জানুয়ারি) রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, ‘৫ আগস্টের পর দেশের মানুষ অনেক প্রত্যাশা করছে। সেই প্রত্যাশা পূরণে আমাদের কাজ করতে হবে। বিএনপির দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। আমরা জানি কীভাবে পরিকল্পনা করতে হয় এবং কীভাবে তা বাস্তবায়ন করতে হয়।’
তিনি বলেন, 'বিএনপি ক্ষমতায় গেলে ঘরে ঘরে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। আমরা কখনো বলিনি, ফ্যামিলির সব দায়িত্ব সরকার নেবে। আমরা বলেছি ধাপে ধাপে মানুষের সকল প্রয়োজন পূরণ করব। একটি নির্বাচিত সরকারের মেয়াদ পাঁচ বছর। এই সময়ের মধ্যেই যত দ্রুত সম্ভব ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার চেষ্টা থাকবে।’
কৃষকদের প্রসঙ্গে বিএনপির চেয়ারম্যান বলেন, ‘কৃষক কার্ডের মাধ্যমে সার, বীজ ও অন্যান্য কৃষি উপকরণ সরাসরি কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হবে। কেউ কেউ বলছে আমরা নাকি ধোঁকা দিচ্ছি। আমি যদি এখন ধোঁকা দিই, পরেরবার কেউ আমাকে আর বিশ্বাস করবে না। রাজনীতি করতে হলে কথা দিয়ে কথা রাখতে হয়।’
তিনি আরও বলেন, '১২ ফেব্রুয়ারি বিএনপি নির্বাচনে বিজয়ী হলে সারা দেশে খাল খননকাজ শুরু হবে। সরকার গঠন করতে পারলে এই চৌদ্দগ্রাম থেকেই খাল খননের কাজের উদ্বোধন করা হবে।'
বেকারত্ব দূরীকরণ প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়া হবে। এই অঞ্চলের অনেক মানুষ মধ্যপ্রাচ্যে কাজ করতে যায়। প্রশিক্ষণ কেন্দ্র ও ভাষা শিক্ষা চালু করা গেলে তারা ভালো চাকরি পাবে। ঘরে বসে উৎপাদন করা নারী উদ্যোক্তাদের জন্য ক্ষুদ্র ঋণ ও পণ্য রপ্তানির ব্যবস্থা করা হবে।'
রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনা না করার বিষয়ে তিনি বলেন, ‘আমি চাইলে এখানে দাঁড়িয়ে প্রতিপক্ষের কড়া সমালোচনা করতে পারি। কিন্তু তাতে মানুষের কোন উপকার হবে না। গীবত করে তো মানুষের পেট ভরবে না। মানুষ জানতে চায়, আমি তাদের জন্য কী করবো।’
তিনি বলেন, দেশের মানুষের নিরাপত্তা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য। ‘মানুষ চায় পরিবার নিয়ে নিরাপদে ভালো থাকতে। আমরা সেই নিশ্চয়তা দিতে চাই।’
সমাবেশের শেষে সবাইকে সঙ্গে নিয়ে তারেক রহমান স্লোগান দেন—‘করব কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’।
এদিকে, দুপুর থেকেই চৌদ্দগ্রাম এইচ. জে. পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠ ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের ভিড় জমে। রাত সাড়ে ৮টার দিকে তারেক রহমান সমাবেশস্থলে পৌঁছালে উপস্থিত নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি।
সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমিন-উর রশীদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কুমিল্লা-১১ আসনের প্রার্থী মো. কামরুল হুদা, কেন্দ্রীয় যুবদলের সভাপতি মোনায়েম মুন্না এবং জাতীয় পার্টি (জাফর) নেতা কাজী নাহিদ।