কর্মব্যস্ততা ও কোলাহল থেকে নিজেকে কিছুটা সরিয়ে রেখে পরিবারকে বরাবরই অগ্রাধিকার দিয়ে আসছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। ব্যস্ত সূচির মধ্যেও মেয়ে আরাধ্যকে সব সময় কাছেই রাখতে দেখা যায় তাঁকে।
নতুন বছর উদ্যাপন শেষে একসঙ্গে মুম্বাই ফিরেছেন বচ্চন পরিবারের ত্রয়ী—অভিনেতা অভিষেক বচ্চন, অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ও তাঁদের একমাত্র কন্যা আরাধ্য। মুম্বাই বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে তাঁদের এই একসঙ্গে ফেরার মুহূর্ত।
ভারতীয় সংবাদমাধ্যম জুম টিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিচ্ছেদের গুঞ্জনকে গুঞ্জনই প্রমাণ করে হাসিখুশি ও স্বাভাবিক মেজাজে একসঙ্গে দেখা গেছে অভিষেক ও ঐশ্বরিয়াকে। এতে করে শোবিজ অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এই তারকা দম্পতি। ফলে বচ্চন পরিবারের ত্রয়ীর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে।
এর আগে পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানাতে পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ছুটি কাটাতে যান অভিষেক বচ্চন। সেখানে স্ত্রী ঐশ্বরিয়া ও মেয়ে আরাধ্যকে সঙ্গে নিয়ে নিরিবিলি সময় কাটান এবং নতুন বছর উদ্যাপন করেন।