রাত পোহালেই শুরু হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগমুহূর্তে পটুয়াখালীর বাউফল উপজেলায় বিএনপির চার নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার বাউফল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক তসলিম তালুকদার ও সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চার নেতাকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন কালাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জসিম আহমেদ তুহিন, সাধারণ সম্পাদক মো. আতাহার শিকদার, কেশবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহীদ মুন্সী এবং সিনিয়র সহসভাপতি মো. আফজাল হোসেন সিকদার।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. শহিদুল আলম তালুকদারের বিপক্ষে অবস্থান নিয়ে তারা জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে জনসমর্থন চেয়ে প্রচারে অংশ নিচ্ছিলেন। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেওয়ার অভিযোগও আনা হয় তাদের বিরুদ্ধে।
দলীয় নীতিমালার পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করে বাউফল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক তসলিম তালুকদার ও সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ এশিয়া পোস্টকে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে প্রথমে অব্যাহতি এবং পরে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।