মাঠের সাফল্যের পাশাপাশি মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে আবারও প্রশংসিত হলেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে পা হারানো এক শিশুর দীর্ঘদিনের ছোট্ট স্বপ্ন পূরণ করে আলোচনায় এসেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার।
শনিবার (৪ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ভেনেজুয়েলায় সম্প্রতি আঘাত হানা একাধিক শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। লা গুয়াইরা অঞ্চলের কিশোর আন্দ্রেস মিয়েলেসও ওই দুর্যোগে আহত হয়ে একটি পা হারায় এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
দুর্বিষহ পরিস্থিতির মধ্যেও আন্দ্রেসের ছোট্ট একটি ইচ্ছা ছিল—বিশ্বকাপের স্টিকার অ্যালবামের জন্য নিজের প্রিয় তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর একটি অফিসিয়াল স্টিকার পাওয়া।
শিশুটির সেই ইচ্ছার কথা পৌঁছে যায় রোনালদোর কাছে। এরপর পর্তুগালের জার্সি পরিহিত অবস্থায় একটি ব্যক্তিগত ভিডিওবার্তা পাঠান তিনি।
ভিডিওবার্তায় রোনালদো বলেন, “হ্যালো আন্দ্রেস, কেমন আছ? তোমাকে একটি বড় আলিঙ্গন পাঠাচ্ছি। আমি জানি তুমি আমার বড় ভক্ত। আশা করি দ্রুত সুস্থ হয়ে উঠবে। আমি চাই তুমি আমার একটি ম্যাচে আসো, আমরা একসঙ্গে খেলা উপভোগ করব। সাহস রেখো, বন্ধু।”
সামাজিক যোগাযোগমাধ্যম সূত্রে জানা গেছে, দাতাদের সহায়তায় আন্দ্রেস ইতোমধ্যে কাঙ্ক্ষিত বিশ্বকাপ স্টিকারটি হাতে পেয়েছে। পাশাপাশি রোনালদোর স্বাক্ষর করা একটি জার্সিও উপহার হিসেবে পেতে যাচ্ছে সে।
এর আগে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ত্রাণসামগ্রী পাঠিয়েছিলেন রোনালদোর সঙ্গী জর্জিনা রদ্রিগেজ।