বেলা ১১টায় শুরু সংসদ অধিবেশন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের কার্যক্রম রোববার (১৫ মার্চ) সকাল ১১টায় শুরু হচ্ছে। গত বৃহস্পতিবার রাষ্ট্রপতির ভাষণের মাধ্যমে নতুন সংসদের যাত্রা শুরু হলেও সেদিনের কার্যক্রম শেষে রোববার পর্যন্ত অধিবেশন মুলতবি ঘোষণা করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রকাশিত দিনের কার্যসূচি অনুযায়ী, অধিবেশনের শুরুতে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত প্রশ্ন ও উত্তর।

এছাড়া জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি-৭১) সংক্রান্ত প্রাপ্ত নোটিশ নিষ্পত্তি করা হবে। একই সঙ্গে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব এবং এ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।

জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকাল ৩টায় সংসদের বৈঠক অনুষ্ঠিত হবে।

শনিবার সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বৈঠকে প্রথম অধিবেশনের কার্যসূচি ও স্থায়িত্বকাল নিয়ে আলোচনা করা হয়। রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য আটটি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ৪৬০টি প্রশ্নসহ মোট ৪৬৮টি প্রশ্ন জমা পড়েছে। এছাড়া বিধি-৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে ২৭টি এবং সিদ্ধান্ত প্রস্তাব (বিধি-১৩১) হিসেবে জমা পড়েছে ৯৭টি নোটিশ।

এর আগে প্রথম অধিবেশনের শুরুতে ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান স্পিকার হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের নাম প্রস্তাব করলে তা কণ্ঠভোটে গৃহীত হয়।

একইভাবে ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামালের নাম ঘোষণা করা হয়। নির্বাচনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করান।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার