নিহতরা হলেন: অক্যমং তংচঙ্গ্যা (৪০), চিক্যং তংচঙ্গ্যা (৩৪) ও শৈফুচিং তংচঙ্গ্যা (৩২)। তারা সবাই ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বালুখালীপাড়ার বাসিন্দা।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দুপুরে সীমান্তঘেঁষা একটি কলাবাগানে কাজ করতে যান ওই তিন ব্যক্তি। এ সময় মিয়ানমার সীমান্তের কাছে পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই অক্যমং তংচঙ্গ্যার মৃত্যু হয়। পরে তাকে উদ্ধার করতে গেলে আরও দুটি মাইন বিস্ফোরণে চিক্যং তংচঙ্গ্যা ও শৈফুচিং তংচঙ্গ্যাও নিহত হন।
খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। পরে মরদেহগুলো উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।