ইতালিতে বাংলাদেশিদের জন্য নতুন গৌরবের অধ্যায়। আরেজ্জো সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী বাংলাদেশি বংশোদ্ভূত ইতালিয়ান নাগরিক রাসেল আহমেদকে গণসংবর্ধনা দিয়েছে আরেজ্জোবাসী। নবনির্বাচিত এই কাউন্সিলারকে স্বাগত জানাতে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি, ইতালীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আরেজ্জোতে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরেজ্জো সিটি কর্পোরেশনের মেয়র মারচেল্লো কমানদোচ্ছি এবং কমুনি দি আরেজ্জোর ভাইস সিন্দাকো Francesco Gamurrini। অনুষ্ঠানটি পরিচালনা করেন কমিউনিটি ব্যক্তিত্ব আব কারিম ও এনাইয়া আহমেদ।
অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ জন পাল (রাজীব), জামাল কাসেম, রাজীব, নিয়াম উল্লাহ, মনিরুজ্জামান, আল আমিন খন্দকার, সোহরাব আহমেদ, রুবেল আহমেদ, ফরহাদ, কলি আহমেদ, সাদেকুর রহমান, এহসান উল হক, জালাল আহমেদ, আসাদুজ্জামান লিটন, মিয়া সোহাগসহ অনেকে উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে মেয়র মারচেল্লো কমানদোচ্ছি ইতালিতে বাংলাদেশি কমিউনিটির অবদানের প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশিরা দেশটির অর্থনীতি, সমাজ ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। পাশাপাশি ইতালি ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
নিজের বক্তব্যে নবনির্বাচিত কাউন্সিলার রাসেল আহমেদ বলেন, “আমি একজন বাংলাদেশি হিসেবে গর্বিত। তবে আমার দায়িত্ব শুধু বাংলাদেশি কমিউনিটির জন্য নয়, বরং সকল অভিবাসী ও আরেজ্জোর সব মানুষের জন্য কাজ করা। মানুষের সেবাই আমার মূল লক্ষ্য।”
তিনি বলেন, মানুষের সমস্যা সমাধান, শহরের উন্নয়ন এবং বহুজাতিক কমিউনিটির কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করতে চান তিনি। একই সঙ্গে উপস্থিত সবার সহযোগিতা, পরামর্শ ও দোয়া কামনা করেন।
অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে রাসেল আহমেদকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। বক্তারা তাঁর বিজয়কে ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি গর্বের অর্জন হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।