সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে বিএনপির মনোনয়নপ্রত্যাশী এমপি প্রার্থী এম আকবর আলীর বাসভবনে আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগ দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং উল্লাপাড়া আসনের এমপি মনোনয়নপ্রত্যাশী এম আকবর আলী। এ সময় নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বিএনপিতে বরণ করে নেওয়া হয়।
বিএনপিতে যোগদানকারীদের মধ্যে রয়েছেন—পূর্ণিমাগাঁতী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন, সদস্য টুটুল শেখ, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছাব আলী, সদস্য সিরাজুল ইসলামসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দুই শতাধিক নেতাকর্মী ও সমর্থক।
নবাগত নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের ভেতরে গণতান্ত্রিক চর্চার অভাব, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের অবমূল্যায়ন এবং সাধারণ মানুষের ওপর নির্যাতনের কারণে তারা দলত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। বিএনপির আদর্শ, নেতৃত্ব ও রাজনৈতিক কর্মসূচির প্রতি আস্থা রেখেই তারা নতুন রাজনৈতিক যাত্রা শুরু করেছেন বলেও জানান তারা।
এ বিষয়ে উল্লাপাড়া-৪ আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী ও সাবেক সংসদ সদস্য এম আকবর আলী বলেন, “উল্লাপাড়া উপজেলার বড়হর খামারপাড়া গ্রামে আমার নিজ বাসভবনে আওয়ামী লীগের প্রায় দুই শতাধিক নেতাকর্মী ও সমর্থক বিএনপিতে যোগদান করেছেন। এটি বিএনপির প্রতি মানুষের আস্থার প্রতিফলন।”
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এই যোগদান উল্লাপাড়ার রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে বলে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা চলছে।