সেনেগাল জাতীয় ফুটবল দলকে বিদায় জানিয়েছেন দেশটির তারকা ফরোয়ার্ড সাদিও মানে। ২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২ থেকে সেনেগালের বিদায়ের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার।
এর আগে থেকেই মানের অবসরের ইঙ্গিত ছিল। তিনি জানিয়েছিলেন, ২০২৫ আফ্রিকা কাপ অব নেশনসই হতে পারে সেনেগালের জার্সিতে তার শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট। তবে পরে বিশ্বকাপেও দেশের হয়ে মাঠে নামেন এই তারকা।
বিদায়বার্তায় সেনেগালের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মানে বলেন, দেশের পতাকার জন্য তিনি সবকিছু উজাড় করে দিয়েছেন এবং শেষ পর্যন্ত লড়াই করেছেন। সমর্থকদের ভালোবাসা ও সহযোগিতাই তার সাফল্যের বড় অনুপ্রেরণা ছিল বলেও উল্লেখ করেন তিনি।
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও সেনেগালের ফুটবল থেকে পুরোপুরি দূরে সরে যেতে চান না মানে। ভবিষ্যতে কোচিং স্টাফ, কোচিং বেঞ্চ কিংবা ফুটবল প্রশাসনের সঙ্গে যুক্ত হয়ে দেশের ফুটবলের উন্নয়নে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
ক্লাব ফুটবলে অবশ্য খেলা চালিয়ে যাবেন এই অভিজ্ঞ ফরোয়ার্ড। বর্তমানে সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসরের হয়ে খেলছেন তিনি। ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ রয়েছে ২০২৭ সাল পর্যন্ত।
সেনেগালের হয়ে ১৩০ ম্যাচে ৫৪ গোল করেছেন সাদিও মানে। দেশটির ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। ২০২১ সালে সেনেগালের প্রথম আফ্রিকা কাপ অব নেশনস শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই ফরোয়ার্ড। এছাড়া ২০১৯ সালের আসরে দলকে ফাইনালে তুলতেও বড় অবদান ছিল তার।