সাভারের আমিনবাজার বোরদেশী এলাকায় হেমায়েতপুর আর্মি ক্যাম্পের নিয়মিত টহল চলাকালে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
হেমায়েতপুর আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, আজ শনিবার (১৭ জানুয়ারি) তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ক্যাম্পের একটি টহল দল আমিনবাজার বোরদেশী এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছিল। এ সময় বোরদেশী মফিদ-ই-আম স্কুল প্রাঙ্গণ অতিক্রমকালে কয়েকজন ব্যক্তিকে ইয়াবা সেবন ও বিক্রির সঙ্গে জড়িত অবস্থায় দেখতে পায় টহল দল।
সেনা সদস্যরা অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭ হাজার ৪৫০ টাকা নগদ অর্থ, দুটি মোবাইল ফোন, ছিনতাইয়ে ব্যবহৃত দুটি ছুরি, একটি সিরিঞ্জ এবং দুটি এফেড্রিন ইনজেকশন উদ্ধার করে। এ সময় একজনকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মো. আপন ইসলাম আগুন (২৬)। তিনি বোরদেশী পশ্চিমপাড়া, আমিনবাজার এলাকার শামসুল হকের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ইয়াবা বিক্রি ও মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
পরবর্তীতে আটক ব্যক্তি ও উদ্ধারকৃত মাদক, অস্ত্র, মোবাইল ফোন এবং নগদ অর্থ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সেনাবাহিনী জানায়, এলাকায় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।