পটুয়াখালী–৩ আসনে (গলাচিপা–দশমিনা) বিএনপি সমর্থিত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘তারেক রহমান আমাকে বিএনপির দায়িত্ব দিয়েছেন, আর আমি আওয়ামী লীগের এই অঞ্চলের আপনাদের দায়িত্বও নিয়ে নিলাম। আপনারা আমার সঙ্গে থাকেন। আপনাদের নিয়েই এই গলাচিপা–দশমিনাকে এগিয়ে নেব।’
সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে গলাচিপা পৌর এলাকার ওয়াবদা কলোনিতে আয়োজিত এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন নুরুল হক নুর।
তিনি বলেন, এখানে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, ইসলামী আন্দোলন আছে, জামায়াতে ইসলামী আছে—এলাকার স্বার্থে সব দল ও মতের মানুষকে নিয়েই কাজ করা হবে। কোনো ভেদাভেদ থাকবে না। তিনি আওয়ামী লীগের সমর্থকদের উদ্দেশে বলেন, তাদের কারও বিন্দুমাত্র ক্ষতি হবে না; কোনো গ্রেপ্তার, কোনো হয়রানি বা আতঙ্কের কারণ নেই।
সভায় গণঅধিকার পরিষদের গলাচিপা উপজেলা শাখার আহ্বায়ক মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা শাখার সদস্য সচিব মো. জাকির হোসেন মুন্সি, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবু নাঈমসহ অন্য নেতারা।