নতুন সরকার দায়িত্ব গ্রহণের আগেই সচিবালয়ে প্রধানমন্ত্রীর দাপ্তরিক কার্যালয় প্রস্তুত করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের দ্বিতীয় তলায় ২০১ নম্বর কক্ষটি প্রধানমন্ত্রীর কার্যালয় হিসেবে নির্ধারণ করা হয়েছে। পাশের ২০০ নম্বর কক্ষটি সভাকক্ষ হিসেবে ব্যবহৃত হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রীর দাপ্তরিক ব্যবহারের প্রয়োজনীয় সামগ্রী ও প্রসাধনসামগ্রীও প্রস্তুত রাখা হয়েছে।
প্রথম কর্মদিবসে ব্যস্ত সূচি রয়েছে প্রধানমন্ত্রীর। সকাল ১০টায় তিনি জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করবেন। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে পৌঁছে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে দায়িত্ব পালন শুরু করবেন। সেখানে বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।
দুপুরে সচিবালয়েই মধ্যাহ্নভোজ শেষে বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে মন্ত্রিসভার বিশেষ বৈঠক। বৈঠক শেষে বিকেল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে সচিবালয়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নির্বাচনের গেজেট প্রকাশের পর থেকেই মন্ত্রিপরিষদ বিভাগে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি ও ব্যস্ততা। নতুন ভবনের ছয়টি লিফটই ছিল কর্মকর্তাদের যাতায়াতে ব্যস্ত। এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে ফাইল হাতে দৌড়ঝাঁপ করতে দেখা গেছে সংশ্লিষ্টদের।
উল্লেখ্য, প্রচলিত রেওয়াজ ভেঙে এবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার শপথ। পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধান করে মন্ত্রিপরিষদ বিভাগ। নতুন প্রধানমন্ত্রীর প্রথম কর্মদিবসকে ঘিরে সচিবালয়ে তাই উৎসবমুখর ও কর্মচঞ্চল পরিবেশ বিরাজ করছে।