আগামীকাল থেকে রাতে ২০ মিনিট সময় বাড়ছে মেট্রোরেলের চলাচল বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। ফলে মতিঝিল থেকে উত্তরার দিকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত সাড়ে ১০টায়।
রোববার (৭ জুন) থেকে রাতে ২০ মিনিট করে বাড়বে মেট্রোরেলের চলাচল। ফলে রাতে মতিঝিল থেকে উত্তরার দিকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ৩০ মিনিটে। বর্তমানে ট্রেন ছাড়ে রাত ১০টা ১০ মিনিটে। অন্যদিকে উত্তরা থেকে রাতে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে। বর্তমানে ছাড়ে রাত সাড়ে ৯টায়।
মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়, রাতে সময় বাড়ানোর লক্ষ্যে গত এক মাস পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে। রোববার থেকে যাত্রী পরিবহন শুরু হবে। তবে শুরুতে বাড়তি ২০ মিনিটে মেট্রোরেল একটি ট্রিপ দেবে। অর্থাৎ একটি ট্রেন মতিঝিলমুখী ও অন্যটি উত্তরামুখী চলাচল করবে। ফলে এক ট্রেনের সঙ্গে অন্য ট্রেনের মাঝখানে বিরতি থাকবে ১০ মিনিট।
কর্তৃপক্ষ জানায়, রাতে মতিঝিল থেকে রাত ১১টায় সর্বশেষ ট্রেন চালানোর একটি পরিকল্পনা ছিল। অন্যদিকে উত্তরা থেকে শেষ ট্রেন ছাড়ার পরিকল্পনা ছিল রাত ১০টার পরে। কিন্তু একসঙ্গে এত সময় বাড়ালে পর্যাপ্ত যাত্রী পাওয়া যাবে কি না, সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ। তাই রোববার থেকে উভয় দিকে ২০ মিনিট করে সময় বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
বর্তমানে প্রতিদিন সকালে সাড়ে ৬টায় উত্তরা থেকে মতিঝিলগামী দিনের প্রথম মেট্রোরেল ছাড়ে। আর মতিঝিল থেকে উত্তরাগামী দিনের প্রথম মেট্রোরেল ছাড়ে সকাল সোয়া ৭টায়। সকালে মেট্রোরেল চলাচলের সময় বাড়ানোর বিষয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই বলে জানা গেছে।