প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল সোমবার বরিশাল সফরে যাচ্ছেন। সফরে তিনি বৃক্ষরোপণসহ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী সকালে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা হবেন। সেখানে নির্ধারিত কর্মসূচি শেষে সন্ধ্যায় ঢাকায় ফিরবেন তিনি।
সফরসূচি অনুযায়ী, বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নতুন খনন করা সরিকল খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এছাড়া জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকা এবং ত্রিশ গোডাউন সংলগ্ন সাগরদী এলাকাতেও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
এদিকে বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী হিসেবে এটি তারেক রহমানের প্রথম বরিশাল সফর।