জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ৩৯টি কেন্দ্রের মধ্যে ৩৩টি কেন্দ্রের ভোট গণনা সম্পন্ন হয়েছে।
প্রকাশিত ফলাফলে ভাইস প্রেসিডেন্ট (ভিপি), জেনারেল সেক্রেটারি (জিএস) ও অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি (এজিএস)–এই তিনটি গুরুত্বপূর্ণ পদেই শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছেন।
ভোট গণনার সর্বশেষ হিসাব অনুযায়ী, ভিপি পদে শিবির সমর্থিত প্রার্থী মোহাম্মদ রিয়াজুল ইসলাম পেয়েছেন ৪ হাজার ৪৩২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ও ছাত্রঅধিকার পরিষদের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি একেএম রাকিব পেয়েছেন ৩ হাজার ৭৭৭ ভোট।
জেনারেল সেক্রেটারি (জিএস) পদেও শিবির প্রার্থীর সুস্পষ্ট এগিয়ে থাকা লক্ষ্য করা গেছে। এ পদে আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৪ হাজার ৪৪৪ ভোট। অপরদিকে ছাত্রদল সমর্থিত প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ১ হাজার ৭৫৭ ভোট।
এছাড়া অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি (এজিএস) পদে শিবির সমর্থিত মাসুদ রানা পেয়েছেন ৩ হাজার ৯৭৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল প্যানেলের প্রার্থী তানজিল পেয়েছেন ৩ হাজার ২৭৫ ভোট।
এদিকে বাকি কেন্দ্রগুলোর ভোট গণনা শেষে চূড়ান্ত ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এখন পর্যন্ত প্রকাশিত ফলাফল জকসু নির্বাচনে শিবির প্যানেলের জয়ের সম্ভাবনাকেই শক্তিশালী করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।