নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ৩০টি সংসদীয় আসনে পুনরায় ভোট গণনার আবেদন করেছে জামায়াতে ইসলামী। শনিবার রাজধানীতে আয়োজিত এক ব্রিফিংয়ে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, উল্লিখিত ৩০টি আসনে পুনর্গণনার আবেদন জানানো হয়েছে। এসব আসনের ফলাফল স্থগিত রাখতে দলটি আইনি প্রক্রিয়ায় যাবে। পাশাপাশি ওই আসনগুলোতে নবনির্বাচিতদের শপথ গ্রহণ স্থগিত রাখার আবেদনও করা হয়েছে।
গত বৃহস্পতিবার ২৯৯টি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি, যা দিয়ে দলটি সরকার গঠনের পথে রয়েছে। শুক্রবার রাতে নির্বাচন কমিশন ২৯৭টি আসনের ফলাফলের গেজেট প্রকাশ করে।
আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রামের দুটি আসনের ফল পরে ঘোষণা করা হবে। এছাড়া জামায়াত প্রার্থীর মৃত্যুর ঘটনায় শেরপুর-৩ আসনের নির্বাচন বর্তমানে স্থগিত রয়েছে।
এহসানুল মাহবুব অভিযোগ করে বলেন, নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটছে, নারীরাও এর বাইরে নন। তাঁর দাবি, অন্তত ৩০টি আসনে কারচুপি হয়েছে, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে এবং ভোটগ্রহণ চলাকালে একাধিক অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।