বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী। তিনি বর্তমান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের স্থলাভিষিক্ত হবেন।
সোমবার (২২ ডিসেম্বর) রাতে এ তথ্য জানা গেছে। এ বিষয়ে সরকার যেকোনো সময় গেজেট প্রকাশ করতে পারে।
নতুন প্রধান বিচারপতি হিসেবে জুবায়ের রহমান চৌধুরী আগামী ২৮ ডিসেম্বর শপথ নেবেন। সংবিধান অনুযায়ী ৬৭ বছর পূর্ণ হওয়ায় আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন দেশের ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। বিচারক জীবনের ইতি টানার পর বর্তমানে তিনি ওমরাহ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করছেন।
ড. সৈয়দ রেফাত আহমেদের অনুপস্থিতিতে ইতোমধ্যে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছেন জুবায়ের রহমান চৌধুরী।
জুবায়ের রহমান চৌধুরী ১৯৮৫ সালে জজ কোর্টে এবং ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান এবং দুই বছর পর তার নিয়োগ স্থায়ী হয়। সর্বশেষ ২০২৪ সালের ১২ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স ও এলএলএম ডিগ্রি অর্জনের পর যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইনে মাস্টার্স সম্পন্ন করেন।