শনিবার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ১৩টি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং মহানগর ও জেলা বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে ভার্চুয়াল সভায় তারেক রহমান নিজেই এ সফরের সিদ্ধান্ত চূড়ান্ত করেন।
রাজশাহী-২ (মহানগর) আসনের বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু বিষয়টি নিশ্চিত করে জানান, তারেক রহমান আগামী বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিমানে রাজশাহীতে পৌঁছাবেন। দুপুর সোয়া ১২টায় তিনি রাজশাহী বিমানবন্দরে নামবেন এবং সেখান থেকে সরাসরি মাদ্রাসা মাঠের সমাবেশস্থলে যাবেন। দুপুর সাড়ে ১২টায় শুরু হওয়া সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য দেবেন।
তারেক রহমানের সফরসূচি ঘোষণার পর রোববার সকাল থেকেই মাদ্রাসা মাঠে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে। একই সঙ্গে নগরীজুড়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সমাবেশ সফল করতে তিন জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে প্রচার-প্রচারণা জোরদার করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, রাজশাহীর এ সমাবেশে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ১৩টি আসনের বিএনপি প্রার্থী ও নেতাকর্মীদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কয়েক লাখ নেতাকর্মীর অংশগ্রহণে এটি রাজশাহীর স্মরণকালের সর্ববৃহৎ নির্বাচনি সমাবেশ হতে পারে বলে দাবি করেছেন নেতারা।
মিজানুর রহমান মিনু আরও জানান, রাজশাহীর সমাবেশ শেষ করে তারেক রহমান সড়কপথে নওগাঁ যাবেন। সেখানে সন্ধ্যার পর নওগাঁ বাইপাসে এক নির্বাচনি সমাবেশে বক্তব্য রাখবেন। এরপর তিনি বগুড়ায় গিয়ে রাতের আরেকটি নির্বাচনি সমাবেশে অংশ নেবেন এবং সেখানেই রাত্রিযাপন করার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, সর্বশেষ ২০০৩ সালে দলীয় নেতাকর্মীদের প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে রাজশাহীতে এসেছিলেন তারেক রহমান। দীর্ঘ দুই দশকের বেশি সময় পর তার আগমন ঘিরে রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।
শনিবার রাতে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় রাজশাহীর ছয় আসনের বিএনপি প্রার্থী ছাড়াও বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, নাটোর-২ আসনের প্রার্থী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং মহানগর বিএনপির শীর্ষ নেতারা অংশ নেন।