বাংলাদেশে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনী পরিবেশ সম্পূর্ণ ভিন্ন বলে মন্তব্য করেছেন ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সাংবাদিক ইয়োগিতা লিমায়ে।
ভোটের খবর সংগ্রহ ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ইয়োগিতা লিমায়ে। বিবিসির ইংরেজি ভাষার ওয়েবসাইটে বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ করতে গিয়ে তিনি তার অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন।
ইয়োগিতা লিমায়ে লিখেছেন, ‘আমি ২০১৮ সালের নির্বাচনেও বাংলাদেশে ছিলাম। সে সময় শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন। সেবারের তুলনায় এবার ভোটের পরিবেশ পুরোপুরি ভিন্ন।’
তিনি উল্লেখ করেন, ২০১৮ সালে ঢাকা ও দেশের বিভিন্ন এলাকায় ভ্রমণের সময় মূলত একটি দলেরই পোলিং এজেন্ট, নির্বাচনী উপকরণ ও পোস্টার চোখে পড়েছিল। সেই দলটি ছিল শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ।
বিবিসির এই সাংবাদিক লিখেছেন, ‘সেবার এক ধরনের ভীতিকর পরিবেশ ছিল। মানুষ কথা বলতে ভয় পেত। কিন্তু এবার পরিস্থিতি যেন আলাদা। যত ভোটারের সঙ্গে কথা বলেছি, তাদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস দেখেছি। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের পোস্টারও চোখে পড়ছে।’
তবে তিনি সংশয়ও প্রকাশ করেছেন। ইয়োগিতা লিমায়ে লিখেছেন, ‘এবারের নির্বাচনে আওয়ামী লীগ নিষিদ্ধ। ফলে ভোট সত্যিকার অর্থে কতটা অবাধ ও সুষ্ঠু হচ্ছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।’ তিনি আরও জানান, আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জ থেকে বিবিসির সহকর্মীরা জানিয়েছেন, সেখানে সকালে ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে কম ছিল।
অন্যদিকে ঢাকার ভোটকেন্দ্রগুলোতে ভোট শুরুর প্রথম ঘণ্টাতেই উল্লেখযোগ্য ভোটার উপস্থিতি লক্ষ্য করা গেছে বলে জানান তিনি। কিছু ভোটারের সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন, এবারের নির্বাচনের মাধ্যমে দেশে প্রকৃত গণতন্ত্র ফিরে আসবে—এমন প্রত্যাশা তাদের মধ্যে রয়েছে।