সরকারি সূত্রে জানা গেছে, চলতি বছর রমজান মাস ৩০ দিন পূর্ণ হলে ২১ মার্চ ঈদুল ফিতরের সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। ঈদের আগে-পরে ১৯ ও ২০ মার্চ এবং ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে চার দিনের ছুটি ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে।
এদিকে ১৭ মার্চ শবে কদরের সরকারি ছুটি রয়েছে। তবে ১৮ মার্চ অফিস খোলা থাকায় মাঝখানে একটি কর্মদিবস পড়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে ঈদযাত্রা সহজ করতে ওই দিনটিকেও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করার প্রস্তাব দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রস্তাবটি অনুমোদিত হলে শবে কদর থেকে শুরু করে ঈদের পর পর্যন্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিনের ছুটি ভোগ করতে পারবেন।
এছাড়া ঈদের ছুটির পর ২৪ ও ২৫ মার্চ কেউ যদি ব্যক্তিগতভাবে ছুটি নিতে পারেন, তাহলে তাদের টানা ১২ দিনের ছুটি উপভোগ করার সুযোগ তৈরি হবে। কারণ ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সরকারি ছুটির সঙ্গে ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি যুক্ত হবে।
অন্যদিকে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ১৮ মার্চ সাধারণ ছুটি ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি এ দাবি জানায়। তাদের মতে, মাঝখানের কর্মদিবসটি ছুটি ঘোষণা করা হলে সড়ক, রেল ও নৌপথে ঈদযাত্রার চাপ অনেকটাই কমে আসবে।