বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে পঞ্চগড় সার্কিট হাউসে জেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, রমজানে বাজারদর নিয়ন্ত্রণ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ বিষয়ক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, 'যেসব নদী খনন করা প্রয়োজন সেগুলো ধাপে ধাপে খনন করা হবে। দখল হওয়া জলাশয় দ্রুত উদ্ধার করা হবে। পাশাপাশি খাল পুনঃখননের একটি সমন্বিত কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, যেখানে স্থানীয় জনগণ, প্রশাসন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় একযোগে কাজ করবে।'
তিনি আরও বলেন, 'শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত দুই হাজার মাইলের বেশি খাল খনন করেছিলেন। সেই কর্মসূচিকে নতুনভাবে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবেশ ও আবহাওয়ার বিষয় বিবেচনায় রেখে খাল খননের সঙ্গে বৃক্ষরোপণ কার্যক্রমও চালানো হবে।'
সভায় প্রতিমন্ত্রী জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি, স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি পঞ্চগড়কে রমজানকেন্দ্রিক ব্যবস্থাপনায় একটি মডেল জেলায় পরিণত করতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান এবং জেলার উন্নয়ন ও বিদ্যমান সমস্যা সম্পর্কেও মতামত শোনেন।