সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার শহরের বাহারছড়া গোল চত্বরের বীর মুক্তিযোদ্ধা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, 'গত ৫৪ বছরে দফায় দফায় যে রাজনীতি ফ্যাসিবাদের জন্ম দিয়েছে, এই নির্বাচন সেই পচে যাওয়া রাজনীতিকে বিদায় জানানোর সুযোগ। ইনশাআল্লাহ ১২ ফেব্রুয়ারি দেশের মানুষ ফ্যাসিবাদকে লাল কার্ড দেখাবে। আর ১৩ ফেব্রুয়ারি থেকে দেশবাসী একটি নতুন বাংলাদেশ পাবে।'
নির্বাচনী প্রতিশ্রুতি প্রসঙ্গে তিনি বলেন, '১১ দলীয় জোট সরকার গঠনের সুযোগ পেলে রাষ্ট্রের সর্বত্র ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠা করা হবে। সবকিছু ক্ষমা করা হলেও জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে।'
নারী অধিকার নিয়ে বক্তব্য রাখতে গিয়ে ডা. শফিকুর রহমান বলেন, 'আমরা ক্ষমতায় এলে নারীদের মাস্টার্স পর্যন্ত বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করা হবে। ইনসাফের মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠাই হবে আমাদের মূল কাজ। নারী নিপীড়নের বিরুদ্ধে কথা বলার কারণে আমার বিরুদ্ধে গোপনে ষড়যন্ত্র করা হয়েছে। যারা পেছনে লেগেছে, তারা পেছনেই পড়ে থাকবে। আমরা ক্ষমতায় গেলে নারীদের মাথার ওপর করে রাখা হবে।'
জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় এবং জেলা সভাপতি অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারাও বক্তব্য রাখেন।