স্থানীয় সূত্র জানায়, যশোরের অভয়নগর থানা এলাকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বুধবার রাত সাড়ে আটটার দিকে মেহেদী হাসান (২৪) নামে এক যুবককে দেশীয় তৈরি অস্ত্রসহ আটক করেন স্থানীয় লোকজন।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এর আগে একই স্থানে সজল (২৭) নামে এক যুবককে কুপিয়ে আহত করার ঘটনায় তাঁর সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। মাদক সংশ্লিষ্টতার বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে।
এদিকে জেলার বাঘারপাড়া থানা এলাকার পৌরসভায় কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র যুগ্ম সম্পাদক, টিএস আয়ুবের বাসায় অবস্থিত বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে রাত পৌনে ১০টার দিকে লাল টেপে মোড়ানো একটি ককটেল সদৃশ বস্তু পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে বস্তুটি জব্দ করে।
বাঘারপাড়া থানার এসআই (নি.) মো.ওলিয়ার রহমান বলেন, উদ্ধার হওয়া বস্তুটি অবিস্ফোরিত ছিল। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তিনি বলেন,বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে তিনি।