যশোরের আলোচিত আওয়ামী লীগ নেত্রী নাসিমা সুলতানা মহুয়াকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার বিকেলে শহরের পালবাড়ি গাজিরঘাট রোডে তাঁর নিজ বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে ডিবি তাকে গ্রেপ্তার করে। তিনি ওই এলাকার মৃত সোহরাব আলী খানের মেয়ে এবং মহিলা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত।
সোমবার সন্ধ্যার পর মহুয়াকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করে ডিবি অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁইয়া জানান, তদন্তে পুরনো বিএনপি পার্টি অফিস ভাঙচুর-সংক্রান্ত মামলায় তাঁর সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। সেই মামলায় তাঁকে আদালতে উপস্থাপন করা হয়েছে।
নাসিমা সুলতানা মহুয়া যশোর জেলা পরিষদ সদস্য পদে প্রার্থী ছিলেন। এছাড়া জাতীয় সংসদ নির্বাচনে যশোর–৩ আসনের সংরক্ষিত নারী আসনের প্রার্থী হতে তিনি মনোনয়ন ফরমও সংগ্রহ করেছিলেন।