চট্টগ্রাম-১০ (হালিশহর–পাহাড়তলী) আসনে বিএনপির প্রার্থী সাঈদ আল নোমান দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে চট্টগ্রামবাসীর পক্ষ থেকে তিনটি দাবি তুলে ধরেছেন।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে নগরীর পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত বিএনপির জনসমাবেশে ১৬টি আসনের সংসদ প্রার্থীদের বক্তব্যপর্বে তিনি এসব দাবি উত্থাপন করেন। দাবিগুলোকে তিনি “জনদাবি” উল্লেখ করে বলেন, এসব বাস্তবায়ন হলে চট্টগ্রাম শহরের উন্নয়ন অগ্রযাত্রা বহুগুণে এগিয়ে যাবে এবং বেগম খালেদা জিয়ার ঘোষিত বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম আর কোনো দিক থেকে পিছিয়ে থাকবে না।
সাঈদ আল নোমান বলেন, “২০১২ সালে আমরা এই পলোগ্রাউন্ড মাঠেই প্রমাণ করেছি, বেগম খালেদা জিয়াকে চট্টগ্রামবাসী কতটা ভালোবাসে। ১৯৮৭ সালের ৪ নভেম্বর মরহুমা বেগম খালেদা জিয়াকে ‘আপসহীন নেত্রী’ উপাধি দিয়েছিলেন আব্দুল্লাহ আল নোমান—যিনি সৌভাগ্যক্রমে আমার পিতা। তবে তিনি শুধু আমার পিতা নন, তিনি একটি রাজনৈতিক প্রতিষ্ঠান।”
তিনি বলেন, “আমি একজন সন্তান হিসেবে এবং রাজনৈতিক শিষ্য হিসেবে আমাদের নেতা তারেক রহমানের কাছে চট্টগ্রামবাসীর পক্ষ থেকে তিনটি দাবি জানাতে চাই। প্রথমত, চট্টগ্রামকে প্রকৃত অর্থে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলা। ২০০৩ সালে ম্যাডাম এটি ঘোষণা করেছিলেন, এখন প্রয়োজন পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে তার বাস্তবায়ন।”
দ্বিতীয় দাবির বিষয়ে তিনি বলেন, “শিক্ষা ও স্বাস্থ্য—এই দুই স্তম্ভের ওপর দাঁড়িয়ে বাংলাদেশের ভবিষ্যৎ। এ বিষয়ে তারেক রহমান ইতোমধ্যে প্রস্তুতি নিয়েছেন, তার পলিসি টিম কাজ করছে।”
তৃতীয় দাবি হিসেবে তিনি বলেন, “দুর্নীতির বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান নিতে হবে। অতীতে নানা কারণে আমরা তা নিতে পারিনি, কিন্তু সামনে আর কোনো ছাড় দেওয়া যাবে না।”
সাঈদ আল নোমান আরও বলেন, “চট্টগ্রামকে যদি বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলা যায়, তাহলে এই নগরীতে আর কোনো দুঃখ থাকবে না।”
সমাবেশে বক্তব্যের শেষাংশে তিনি বলেন, “আজ এখানে দাঁড়াতে পেরেছি আমাদের নেতা তারেক রহমানের কারণে। আমরা তাকে বীরের বেশে পেয়েছি। আমি বিশ্বাস করি, ১২ তারিখ আমরা সর্বোচ্চ ত্যাগ দিয়ে আপনাকে বিজয় উপহার দেব। ইনশাল্লাহ, সেই বিজয় হবে স্মরণীয়।”