ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজই ইউনিয়নে ভোট চলাকালীন সময়ে স্বতন্ত্র প্রার্থীর এজেন্টের ছেলেকে অপহরণের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী এজেন্টকে কেন্দ্র ত্যাগ করতে বাধ্য করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে মধ্যরাজই এলাকায় এ ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী কনক মাঝরাজই বালিকা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলমের পক্ষে এজেন্টের দায়িত্ব পালন করছিলেন।
কনক জানান, ভোটগ্রহণের সময় ধানের শীষ প্রতীকের সমর্থকদের অনিয়মের প্রতিবাদ করার কিছুক্ষণ পর তার ছেলের মোবাইলে একটি ফোন আসে। ফোনে অপর প্রান্ত থেকে তাকে হুমকি দেওয়া হয়, “কেন্দ্র না ছাড়লে ছেলেকে হত্যা করা হবে।” সন্তানের নিরাপত্তার ভয়ে কনক দ্রুত কেন্দ্র ত্যাগ করেন।
তিনি জানান, ছেলের সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করছেন, কিন্তু কেউ ফোন রিসিভ করছেন না।
তবে, এখনও অপহরণের সঙ্গে কারা জড়িত তা নিশ্চিত হওয়া যায়নি।
ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, 'এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কেউ অভিযোগ দায়ের করেনি। তবে সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা খোঁজ-খবর নেওয়া শুরু করেছি। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'