সংসদ সদস্যদের দায়িত্ব সুস্পষ্ট করার পাশাপাশি তাদের কার্যপ্রণালীর নির্দিষ্ট সীমা নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।
রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীতে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
দুদক চেয়ারম্যান বলেন, সংসদ সদস্যদের দায়িত্ব পরিষ্কারভাবে নির্ধারণ করা জরুরি। একজন এমপিকে সব ধরনের কাজের এখতিয়ার দিয়ে দিলে অনিয়ম হওয়ার আশঙ্কা থেকেই যায়।
রাজনীতিবিদ ও আমলাদের নিজ নিজ অবস্থান ও ভূমিকার ক্ষেত্রেও পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, আগে রাজনীতিবিদরা আমলাদের কাছে যেতেন, এখন উল্টো চিত্র দেখা যাচ্ছে। বর্তমানে আমলারা রাজনীতিবিদদের কাছে গিয়ে নিজেকে তাঁদের অনুগত হিসেবে উপস্থাপন করছেন।
এ সময় বিচার বিভাগের স্বাধীনতা যেন অনিয়ন্ত্রিত ক্ষমতা প্রয়োগের হাতিয়ার হয়ে না ওঠে, সে বিষয়ে সবাইকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান দুদক চেয়ারম্যান।