এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাইফুল্লাহ খান সাইফ স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, সংগঠনটি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করেছে যে, একটি রাজনৈতিক দলের ঢাকা-১৭ আসনের প্রার্থী ক্যান্টনমেন্ট এলাকায় অস্ত্রসহ প্রবেশের চেষ্টা করেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা সদস্যরা তাকে বাধা দিলে তিনি ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন এবং সেনা সদস্যদের উদ্দেশে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করেন বলে অভিযোগ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের বক্তব্য ও আচরণ সামরিক বাহিনীর মনোবল ও মর্যাদার পাশাপাশি রাষ্ট্রীয় শৃঙ্খলার ওপর সরাসরি আঘাত। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন স্পষ্ট করে উল্লেখ করে, রাজনৈতিক পরিচয় কখনোই কাউকে সংবিধান ও আইনের ঊর্ধ্বে থাকার অধিকার দেয় না। ক্যান্টনমেন্ট কোনো রাজনৈতিক প্রভাব বিস্তারের স্থান নয়; এটি একটি সংবেদনশীল রাষ্ট্রীয় নিরাপত্তা এলাকা।
সংগঠনটি জানায়, অভিযুক্ত প্রার্থী যদি প্রকাশ্যে তার আচরণের জন্য নিঃশর্ত ক্ষমা না চান এবং ভবিষ্যতে এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ ও অবমাননাকর আচরণ থেকে বিরত থাকার সুস্পষ্ট অঙ্গীকার না করেন, তাহলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে ক্যান্টনমেন্টে ‘পারসোনা নন গ্রাটা’ ঘোষণা করার জন্য জোর দাবি জানানো হবে।
বিবৃতির শেষাংশে বলা হয়, রাষ্ট্রের আইন, সামরিক বাহিনীর মর্যাদা ও জাতীয় নিরাপত্তার প্রশ্নে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন কোনো ধরনের আপস করবে না।