আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার হওয়া সব ব্যক্তিকে শনাক্ত করে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। একই সঙ্গে গুমের প্রতিটি ঘটনার দ্রুত বিচার নিশ্চিত এবং অভিযোগ তদন্তে স্বাধীন ও নিরপেক্ষ ব্যবস্থা রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে শনিবার (২৯ আগস্ট) রাতে দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
বিবৃতির শুরুতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে গুমের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা জানান এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, দীর্ঘদিন ধরে নিখোঁজ স্বজনের অপেক্ষায় থাকা পরিবারগুলোর কষ্ট ও অনিশ্চয়তার অবসান ঘটাতে রাষ্ট্রকে কার্যকর উদ্যোগ নিতে হবে।
নাহিদ ইসলামের অভিযোগ, শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে গুমকে রাজনৈতিক দমন-পীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। বিরোধী রাজনৈতিক মতাদর্শের বহু মানুষ এ ধরনের ঘটনার শিকার হয়েছেন এবং তাদের অনেকে এখনও নিখোঁজ রয়েছেন। বছরের পর বছর ধরে স্বজনদের সন্ধানের আশায় অপেক্ষা করছেন এসব পরিবারের সদস্যরা।
‘আয়নাঘর’ হিসেবে পরিচিত গোপন বন্দিশালায় মানুষকে আটকে রেখে নির্যাতনের অভিযোগও তুলে ধরেন তিনি। তার মতে, এসব ঘটনা শুধু ভুক্তভোগী ব্যক্তিদের নয়, তাদের পরিবারের ওপরও দীর্ঘমেয়াদি মানবিক বিপর্যয় তৈরি করেছে।
তিনি বলেন, নিখোঁজ স্বজনদের ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা এবং পরিবারগুলোর দীর্ঘদিনের অপেক্ষা দেশের রাজনৈতিক পরিবর্তনের আন্দোলনের অন্যতম পটভূমি তৈরি করেছিল। কিন্তু পরিবর্তনের পরও অনেক পরিবার তাদের প্রিয়জনের কোনো সন্ধান পায়নি।
মোংলায় গুমের শিকার হওয়ার অভিযোগ ওঠা মিরাজ শেখের প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, এ ঘটনায়ও তারা উদ্বিগ্ন। মিরাজ শেখসহ অতীতে নিখোঁজ হওয়া প্রত্যেক ব্যক্তির বিষয়ে অনুসন্ধান করে প্রকৃত ঘটনা সামনে আনা প্রয়োজন।
গুম প্রতিরোধ ও প্রতিকারসংক্রান্ত প্রস্তাবিত আইন এবং জাতীয় মানবাধিকার কমিশনসংক্রান্ত বিল নিয়েও প্রশ্ন তোলেন নাহিদ ইসলাম। তার দাবি, প্রস্তাবিত আইনি কাঠামোয় গুমের মতো গুরুতর অপরাধ প্রতিরোধ এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনার ক্ষেত্রে কোনো ধরনের দুর্বলতা থাকলে তা দূর করতে হবে।
তিনি বলেন, গুমের অভিযোগের তদন্ত অবশ্যই স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর হতে হবে। যথাযথ তদন্ত ছাড়া কোনো ঘটনার বিচার নিশ্চিত করা সম্ভব নয়। তাই গুম প্রতিরোধ আইনে তদন্তের স্পষ্ট ও শক্তিশালী বিধান অন্তর্ভুক্ত করার দাবি জানান তিনি।
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে কয়েকটি দাবির কথা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, মিরাজ শেখসহ আওয়ামী লীগ আমলে গুমের শিকার সব ব্যক্তিকে খুঁজে বের করতে হবে। নিখোঁজদের বিষয়ে প্রকৃত তথ্য তাদের পরিবারের কাছে জানাতে হবে এবং প্রতিটি ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।
একই সঙ্গে ভবিষ্যতে যেন কোনো সরকারের পৃষ্ঠপোষকতায় গুমের মতো ঘটনা ঘটতে না পারে, সে জন্য কার্যকর রাষ্ট্রীয় ও আইনি সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
নাহিদ ইসলাম বলেন, গুমের শিকার ব্যক্তিদের পরিবারের দীর্ঘদিনের অপেক্ষা ও কষ্টের অবসান ঘটাতে সত্য উদঘাটন, ন্যায়বিচার এবং জবাবদিহি নিশ্চিত করা জরুরি। এর মাধ্যমেই একটি মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার পথ আরও শক্তিশালী হবে।
সদ্য সংবাদ/এসকে