জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের কার্যক্রম এবং পরিবেশবান্ধব পাটজাত পণ্যের প্রদর্শনী ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর বাংলাদেশ প্যাভিলিয়নে গিয়ে এসব কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন তিনি।
বুধবার (১১ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় বিকেল ৪টা ৫০ মিনিটে সম্মেলনস্থলে বাংলাদেশ প্যাভিলিয়নে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তাঁকে স্বাগত জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর এ মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।
পরিদর্শনের সময় পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং দেশের পরিবেশ সংরক্ষণে নেওয়া বিভিন্ন উদ্যোগের তথ্য ও প্রদর্শনী দেখেন সরকারপ্রধান। বিশেষ করে পাট দিয়ে তৈরি পরিবেশবান্ধব পণ্যগুলোর প্রদর্শনীতে আগ্রহ দেখান তিনি।
প্যাভিলিয়নে দায়িত্ব পালনকারী কর্মীদের সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জলবায়ুবিষয়ক কর্মকাণ্ড কীভাবে তুলে ধরা হচ্ছে, প্রদর্শিত পণ্যের বৈশিষ্ট্য এবং প্যাভিলিয়নের সার্বিক কার্যক্রম সম্পর্কে তাঁদের কাছ থেকে বিস্তারিত জানেন তিনি।
এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা বাংলাদেশ প্যাভিলিয়নের বিভিন্ন আয়োজন ও প্রদর্শনীর বিষয়বস্তু প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
সদ্য সংবাদ/এসএস