অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো পেজের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একই সঙ্গে এসব অনলাইন প্ল্যাটফর্মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্বের পরিপন্থী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জনস্বার্থে করা একটি রিটের শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতের নির্দেশনায় অনিবন্ধিত অনলাইন পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পেজের মাধ্যমে ছড়ানো গুজব ও মিথ্যা তথ্যের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে।
জনস্বার্থে রিটটি দায়ের করেন ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু। রিটে অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য প্রচার বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ চাওয়া হয়।
শুনানি শেষে হাইকোর্ট বিটিআরসি চেয়ারম্যানকে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি রুল জারি করেন।
রুলে জানতে চাওয়া হয়েছে, অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও গুজব ছড়ানো সামাজিক যোগাযোগমাধ্যমের পেজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না এবং এসব মাধ্যমের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ কেন দেওয়া হবে না।
সদ্য সংবাদ/এসএস